ফের ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৬, ২০২৬, ০৭:৩২ পিএম

ফের  ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

ছবি: সংগৃহীত

রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে তাঁর কনসার্ট ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’।

দেশীয় ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের আয়োজনে হবে কনসার্টটি। এরই মধ্যে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে অনুষ্ঠানের প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছেন ওটিলিয়া। তাঁর সেই পোস্ট ঘিরে বাংলাদেশি ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।

‘বিলিওনেরা’ গান দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান ওটিলিয়া। প্রকাশের পর গানটি বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। গানটির জনপ্রিয়তার সুবাদে বাংলাদেশেও তাঁর একটি আলাদা শ্রোতাগোষ্ঠী তৈরি হয়েছে। দীর্ঘ বিরতির পর ঢাকায় তাঁর ফেরাকে ঘিরে তাই সংগীতপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।

আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ইমেকার্স বাংলাদেশের। প্রতিষ্ঠানটির আয়োজনে এর আগে ঢাকায় অরিজিৎ সিং, নেহা কাক্করসহ বিভিন্ন আন্তর্জাতিক শিল্পীর কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট এবং কনসার্ট ফর নেপালের মতো আলোচিত আয়োজনও করেছে প্রতিষ্ঠানটি।

এবার সেই আয়োজনের তালিকায় যুক্ত হচ্ছে ওটিলিয়ার কনসার্ট। আয়োজকদের প্রত্যাশা, তাঁর জনপ্রিয়তা এবং ‘বিলিওনেরা’র মতো বিশ্বজোড়া পরিচিত গানকে ঘিরে অনুষ্ঠানটি দেশের সংগীতপ্রেমীদের জন্য বছরের অন্যতম বড় আন্তর্জাতিক মিউজিক ইভেন্ট হয়ে উঠবে।

ইমেকার্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাইম আশরাফ জানান, পূর্বের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের একটি আয়োজন উপহার দেওয়াই তাঁদের লক্ষ্য।

তবে কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য ও টিকিট বিক্রির সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

Link copied!