শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা, সাহায্য চাইলেন তিশার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২৬, ০৬:২৯ পিএম

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা, সাহায্য চাইলেন তিশার

ছবি: সংগৃহীত

অনলাইন শপিং পেজ, উপহার হিসেবে পাওয়া পণ্য এবং সেসব পণ্যের প্রচার নিয়ে সম্প্রতি মিডিয়াপাড়ায় আলোচনা-সমালোচনা চলছে। অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে শাড়ির প্রচার ও মূল্য পরিশোধের বিতর্কের মধ্যেই এবার একই ধরনের অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী দীপা খন্দকার।

তবে বিষয়টি নিয়ে সরাসরি অভিযোগ না করে বেশ রসিকতার ছলেই নিজের অস্বস্তির কথা জানিয়েছেন দীপা। একই সঙ্গে মজা করে সাহায্য চেয়েছেন তানজিন তিশার কাছেও।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দীপা জানান, এক বান্ধবীর কাছ থেকে উপহার হিসেবে একটি শাড়ি পেয়ে প্রথমে বেশ খুশি হয়েছিলেন তিনি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

শাড়িটি উপহার দেওয়ার কিছুক্ষণ পরই ওই বান্ধবী তাকে মেসেজ করে শাড়িটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অনুরোধ জানান। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও দীপা শাড়িটি পরে ছবি তুলে তাকে পাঠিয়ে দেন, যাতে তারা নিজেদের মতো করে ছবিটি ব্যবহার বা পোস্ট করতে পারেন।

কিন্তু এরপরও অনুরোধের পালা শেষ হয়নি। পরে নির্দিষ্ট একটি পেজকে ট্যাগ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকে পোস্ট দেওয়ার অনুরোধ করা হয়। বিষয়টি কিছুটা বিরক্তিকর মনে হওয়ায় রসিকতার ছলেই নিজের পোস্টে তা তুলে ধরেন দীপা।

তিনি লিখেছেন, ‘ভয় লাগে কবে জানি আম্মা ভর্তা পাঠায়ে বলে ট্যাগ করে পোস্ট দে, নাহলে কেস করে দেব! এমন হলে তানজিন তিশা আমাকে বাঁচাইও। এই পোস্টের যুগে আমি কেন ভাই? নিজের টাকায় জিনিস কেনার পরও অনেকে রিভিউ চায়। সম্পর্ক আর কাজের মানে আমরা কি ভুলে গেছি?’

দীপার এমন পোস্টে মন্তব্য করতে দেরি করেননি তানজিন তিশাও। অভিনেত্রীর মন্তব্যের জবাবে তিনি লেখেন, ‘আপু ভালো একটা কথা বলেছেন! কোনো চিন্তা করবেন না। আমি আছি লড়াই করার জন্য। আল্লাহ ভরসা।’

সম্প্রতি একটি অনলাইন শপিং পেজ থেকে শাড়ি নেওয়া, সেটির প্রচার এবং মূল্য পরিশোধ নিয়ে বিরোধের জেরে তানজিন তিশাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। ওই অনলাইন শপিং পেজের পক্ষ থেকে অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করা হয়।

তিশার দাবি ছিল, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। পরে বিষয়টি আইনি জটিলতায় গড়ালে গত ১৩ আগস্ট ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

তানজিন তিশাকে ঘিরে সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই দীপা খন্দকারের রসিকতাপূর্ণ পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। উপহার হিসেবে পাওয়া কোনো পণ্যের প্রচার চাওয়া কতটা স্বাভাবিক এবং ব্যক্তিগত সম্পর্কের জায়গায় এমন প্রত্যাশার সীমারেখা কোথায়—দীপার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সেই প্রশ্নও উঠছে।

Link copied!