গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ নিহত ৪

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২৬, ০১:১২ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ নিহত ৪

ছবি: এপি

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণে সোমবার অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল ইসরায়েলকে গাজায় হামলা কমানোর আহ্বান জানিয়েছিল।

আজ (সোমবার) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর সরিয়ে নেওয়ার সতর্কবার্তার পর মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবির থেকে ফিলিস্তিনি বাসিন্দারা বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে পালাতে শুরু করেন। এর মধ্যে একটি ভবনে হামলা হলে একটি পরিবার সময়মতো বের হতে পারেনি। এতে চার বছর বয়সী এক শিশু নিহত হয় বলে জানিয়েছে আওদা হাসপাতাল। শিশুটির মরদেহ ওই হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তার মা ও বোন আহত হয়েছেন। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলি সতর্কবার্তার পর গাজার আরও তিনটি ভবনে হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হামলার আগে কেউ দৌড়ে পালিয়ে যান, আবার মায়েরা সন্তানদের কোলে নিয়ে নিরাপদ স্থানের দিকে ছুটে যান। কেউ কেউ ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হুইলচেয়ার বা লাঠির সাহায্যে এগিয়ে যান।

ইতোমধ্যে ব্যাপকভাবে ধ্বংস হয়ে যাওয়া গাজার আকাশে এ সময় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা সিটির শাতি শরণার্থীশিবির এবং দেইর আল-বালাহ এলাকায় হামলা চালিয়েছে। এসব হামলার আগে বাসিন্দাদের সরিয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সামরিক বাহিনীর দাবি, মসজিদের ভেতরে থাকা হামাসের দুটি অস্ত্রের গুদামকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে দাবিটির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। তাদের ভাষ্য, ওই স্থাপনাগুলোতে কয়েক ডজন ‘কালাশনিকভ রাইফেল’, ম্যাগাজিন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ছিল।

এদিকে, দেইর আল-বালাহতে এর আগে একটি তাঁবুতে চালানো ইসরায়েলি হামলায় এক ব্যক্তি নিহত হন বলে জানিয়েছে আল-আকসা হাসপাতাল। তাঁর মরদেহ ওই হাসপাতালে নেওয়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামলায় হামাসের বিশেষ বাহিনীর সঙ্গে যুক্ত একজন যোদ্ধা নিহত হয়েছেন।

তথ্যসূত্র: এপি

Link copied!