২০ লাখ টাকা চাঁদা দাবি: জামায়াত এমপির পিএসসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২৬, ০৫:৫৭ পিএম

২০ লাখ টাকা চাঁদা দাবি: জামায়াত এমপির পিএসসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আরমান উদ্দিনসহ সাতজনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবি, দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগে আদালতে মামলা হয়েছে।

রোববার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের আদালতে মামলাটি করেন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার প্রবাসী ব্যবসায়ী আমির হোসেন। আদালত বাদীর অভিযোগ গ্রহণ করে ঘটনাটি তদন্তের জন্য সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী কবির জিলান।

মামলার অন্য আসামিরা হলেন—মো. আরিফ উদ্দীন, শওকত আলী, মো. আরমান উদ্দিন, মো. আদিল, মো. আনোয়ার ও জয়নাল আবেদীন।

মামলার আরজিতে বলা হয়েছে, লোহাগাড়ার আজিজ কমপ্লেক্সের মালিক আমির হোসেনের কাছে দীর্ঘদিন ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন আসামিরা। চাঁদা দিতে রাজি না হওয়ায় গত ৩ এপ্রিল রাতে মার্কেটের একটি ভাড়াটে দোকানের তালা ভেঙে সেখানে ঢুকে মালামাল ও নগদ টাকা লুট করা হয়।

বাদীর অভিযোগ, ওই সময় দোকান থেকে প্রায় ১১ লাখ ৫৮ হাজার টাকার মালামাল এবং ক্যাশ বাক্সে থাকা ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান আসামিরা। পরে দোকানে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়। একই সঙ্গে মার্কেটের অন্য ভাড়াটেদেরও আসামিদের মাধ্যমে বাসাভাড়া দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২০ আগস্ট সকালে আসামিরা ফের মার্কেটে গিয়ে বৈঠক করেন। ওই সময় ২০ লাখ টাকা চাঁদা না দিলে দোকান ও ঘরের দখল ছাড়বে না বলে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে বাদীকে মারধর করে আহত করা হয় এবং মুঠোফোনে আরমান উদ্দিন তাকে আসামিদের কথামতো চলার জন্য চাপ দেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদী আমির হোসেন বলেন, থানায় গিয়ে অভিযোগ করলেও পুলিশ মামলা নেয়নি। পরে ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পিএস মো. আরমান উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Link copied!