এত অপপ্রচার-ষড়যন্ত্রের পরও বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি: রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২৬, ০৫:৪৫ পিএম

এত অপপ্রচার-ষড়যন্ত্রের পরও বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি: রিজভী

ছবি: সংগৃহীত

অপপ্রচার, চক্রান্ত ও ষড়যন্ত্রের পরও বিভিন্ন জরিপে বিএনপির জনপ্রিয়তা ৫৪ থেকে ৫৬ শতাংশের মধ্যে রয়েছে বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর দাবি, ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা আরও বেশি, যা ৬৫ থেকে ৬৬ শতাংশ।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করলে কোনো সরকারই ব্যর্থ হবে না। জনগণের জন্য কাজ করা সরকারই শেষ পর্যন্ত মানুষের সমর্থন ও স্বীকৃতি পাবে।

ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নেতাকর্মীদের নিয়ে দুই নেতার সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী। এ সময় তিনি বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ড সুশৃঙ্খল ও সমন্বিতভাবে পরিচালনাই তাঁর প্রধান দায়িত্ব।

রিজভী বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। সরকারের নেওয়া কর্মসূচিগুলো মানবকল্যাণ, সামাজিক সুরক্ষা, জনস্বার্থ ও অবকাঠামোগত উন্নয়নকে সামনে রেখে করা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা করার পাশাপাশি জনগণের কাছে সরকারের উদ্যোগগুলো তুলে ধরার আহ্বান জানান তিনি।

দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে না জড়াতেও নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপির এই নেতা। তাঁর ভাষ্য, ৫ আগস্টের পর দলীয় পরিচয় ব্যবহার করে যারা অপকর্মে জড়িয়েছে, তাদের বিরুদ্ধে দলের চেয়ারম্যান কঠোর ব্যবস্থা নিয়েছেন। ভবিষ্যতেও কেউ এমন কর্মকাণ্ডে জড়ালে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

বিএনপির জনপ্রিয়তা নিয়ে রিজভী বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময় নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের পদক্ষেপ দলটির প্রতি মানুষের সমর্থন বাড়িয়েছে। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নতুন কর্মসূচিগুলোও জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী জানান, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন না হওয়ায় স্থানীয় নেতারা প্রার্থীদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা যাচাই করে দল-সমর্থিত প্রার্থী নির্ধারণ করবেন। দলের নেতাকর্মী ও সমর্থকেরা ওই প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও জানান তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!