সোশ্যাল মিডিয়ায় টাকা ঢেলে পতিত স্বৈরাচার ফেরানো যাবে না: রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ০২:৩৮ পিএম

সোশ্যাল মিডিয়ায় টাকা ঢেলে পতিত স্বৈরাচার ফেরানো যাবে না: রিজভী

ছবি: সংগৃহীত

বিপুল অর্থ ব্যয় করে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পতিত স্বৈরাচারকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার সকালে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, জনগণের শক্তির বিষয়ে ফ্যাসিস্টরা কখনোই সঠিক ধারণা করতে পারে না। এ কারণেই তারা বারবার ভুল করে। জুলাই ছিল দীর্ঘদিন ধরে জমে থাকা মানুষের ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ।

তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশে বহুদলীয় গণতন্ত্র আরও শক্তিশালী করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে।

বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত অনেকেই এখনো সক্রিয় রয়েছে। তারা বিপুল অর্থ ব্যয় করে সোশ্যাল মিডিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তবে এভাবে পতিত স্বৈরাচারকে আবারও ফিরিয়ে আনা সম্ভব নয়।

বিগত সরকারের সমালোচনা করে রিজভী বলেন, বিগত ১৭ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তভাবে কথা বলার পরিবেশ ছিল না। ভিন্নমতের কোনো সুযোগ ছিল না। ভিন্নমতের শিক্ষকরা বিভিন্নভাবে হয়রানি ও হামলার শিকার হয়েছেন, এমনকি অনেকের চাকরিও চলে গেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও অধ্যাপক লুৎফর রহমান বক্তব্য দেন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Link copied!