আগস্ট ২৫, ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন।
আজ (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বৈঠক করেন।
বৈঠক শেষে গভর্নর আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট না থাকার বিষয়টি স্পষ্ট করেন। একই সঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ স্কিমে দেওয়া নির্দেশনার বাইরেও প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন বলে ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।