সেপ্টেম্বরের আইফোন ইভেন্টের আগেই আসতে পারে নতুন ম্যাক মিনি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২৬, ০৫:৩৯ পিএম

সেপ্টেম্বরের আইফোন ইভেন্টের আগেই আসতে পারে নতুন ম্যাক মিনি

ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর পর ম্যাক মিনিতে বড় ধরনের আপডেট আনতে যাচ্ছে অ্যাপল। আগামী কয়েক দিনের মধ্যেই কমপ্যাক্ট এই ডেস্কটপ কম্পিউটারের নতুন সংস্করণ বাজারে আসতে পারে।

নতুন ম্যাক মিনি উন্মোচিত হলে তা সেপ্টেম্বরের আইফোন ১৮ প্রো সিরিজের অনুষ্ঠান হওয়ার আগেই বাজারে আসতে পারে। নতুন মডেলটির এম৫ ও এম৬—দুই ধরনের চিপের সংস্করণই পরীক্ষা করেছে অ্যাপল। তবে শেষ পর্যন্ত কোন চিপের সংস্করণ বাজারে আসবে, তা এখনো নিশ্চিত নয়।

বর্তমান ম্যাক মিনির চাহিদা সাম্প্রতিক সময়ে বেড়েছে। বিশেষ করে কম্পিউটারে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানোর আগ্রহ বাড়ায় ছোট আকারের এই ডেস্কটপটি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে মেমোরি চিপের ঘাটতির কারণে বর্তমান মডেলের সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে।

অনেক ক্রেতাকে পণ্য পেতে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

নতুন ম্যাক মিনিতে ঠিক কী ধরনের নকশা বা হার্ডওয়্যার পরিবর্তন আনা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে নতুন প্রসেসরের মাধ্যমে ডিভাইসটির কর্মক্ষমতা বাড়ানোর দিকেই অ্যাপল গুরুত্ব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সেপ্টেম্বরের আইফোন অনুষ্ঠান নিয়েও প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সেখানে আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন উন্মোচনের প্রত্যাশা রয়েছে। অনুষ্ঠানটি সেপ্টেম্বরের প্রথমার্ধে হওয়ার সম্ভাবনা থাকলেও অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করেনি।

ম্যাক মিনির পাশাপাশি চলতি বছরের শেষ দিকে আরও কয়েকটি নতুন পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। এর মধ্যে রয়েছে নতুন আইপ্যাড মিনি, আইম্যাক ও ম্যাকবুক প্রো। এসব ম্যাকে নতুন প্রজন্মের এম৬ চিপ ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।

অ্যাপলের জন্য নতুন ম্যাক মিনির গুরুত্ব আরও একটি কারণে রয়েছে। এটি টিম কুকের সিইও হিসেবে দায়িত্বে থাকার সময়ে উন্মোচিত শেষ দিকের নতুন পণ্যগুলোর একটি হতে পারে। আগামী ১ সেপ্টেম্বর জন টার্নাস অ্যাপলের সিইওর দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

Link copied!