কম দামে প্রিমিয়াম ফিচার, আলোচনায় অ্যাপলের আইফোন ১৭ই

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২৬, ০৪:২৯ পিএম

কম দামে প্রিমিয়াম ফিচার, আলোচনায় অ্যাপলের আইফোন ১৭ই

ছবি : সংগৃহীত

তুলনামূলক কম দামের নতুন স্মার্টফোন ‘আইফোন ১৭ই’ বাজারে এনেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। কম দামে আসা এই ফোনটিকে বাজেট-বান্ধব কিন্তু শক্তিশালী পারফরম্যান্সের ডিভাইস হিসেবে তুলে ধরছে প্রতিষ্ঠানটি। 

প্রিমিয়াম ফিচার ও আধুনিক প্রযুক্তির কারণে নতুন এই মডেলটি নিয়ে প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অ্যাপলের তথ্যমতে, আইফোন ১৭ই তে ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের এ১৯ চিপ, যা দ্রুতগতির পারফরম্যান্স ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা দেবে। ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২৫৬ জিবি স্টোরেজ সুবিধা।

ডিসপ্লের ক্ষেত্রে আইফোন ১৭ই–তে রয়েছে ৬ দশমিক ১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে, যার সর্বোচ্চ এইচডিআর উজ্জ্বলতা ১ হাজার ২০০ নিটস। স্ক্রিন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড ২ প্রযুক্তি, যা আগের তুলনায় আরও বেশি টেকসই বলে দাবি করেছে অ্যাপল।


নতুন এই মডেলে উন্নত ব্যাটারি সুবিধা, চৌম্বকভিত্তিক চার্জিং প্রযুক্তি এবং স্যাটেলাইট যোগাযোগ সুবিধাও যুক্ত করেছে অ্যাপল। নেটওয়ার্ক না থাকলেও জরুরি পরিস্থিতিতে নির্দিষ্ট বার্তা পাঠানো যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আইফোন ১৭ই এর প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার। প্রযুক্তিবিশ্লেষকদের মতে, মধ্যম বাজেটের ক্রেতাদের লক্ষ্য করেই নতুন এই ফোন বাজারে এনেছে অ্যাপল।
ফোনটি  সাদা, কালো ও হালকা গোলাপি এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে ইতোমধ্যে এর বিক্রি শুরু হয়েছে।

Link copied!