নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ আনল মেটা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ১২:৫৫ পিএম

নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ আনল মেটা

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ এনেছে সামাজিকমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই এ ধরনের আরও এআই মডেল বাজারে আনা হবে।

নতুন মডেলটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় এআই মডেলগুলোর তুলনায় আকারে অনেক ছোট। তবে বড় মডেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতার পরিবর্তে স্বয়ংক্রিয় বা এজেন্টিক কাজের জন্য ‘মিউজ গ্লিমার’ তৈরি করা হয়েছে।

একটি মাত্র গ্রাফিক্স কার্ড ব্যবহার করে ম্যাক বা পিসিতেই মিউজ গ্লিমার চালানো যাবে। ফলে ক্লাউডের ওপর নির্ভর না করে ব্যক্তিগত ডিভাইসেই এআই ব্যবহারের সুযোগ তৈরি হবে।

ওপেন-ওয়েট মডেলের অন্যতম বড় সুবিধা হলো কম খরচ। ওপেনএআই বা অ্যানথ্রপিকের মতো ফ্রন্টিয়ার এআই প্রতিষ্ঠানের মডেলের তুলনায় এসব মডেল সাধারণত বেশি সাশ্রয়ী। একই সঙ্গে মূল প্রযুক্তিগত উপাদান উন্মুক্ত থাকায় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী মডেল কাস্টমাইজ করতে পারেন। বিপরীতে, ক্লোজড মডেলের মূল প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণেই থাকে।

এদিকে, চীনের এআই সক্ষমতার সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করতে ওপেন-সোর্স এআই মডেলের ওপর বিধিনিষেধ কমানোর আহ্বান জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

গত বছর এআই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে একটি সুপারইন্টেলিজেন্স টিম গঠন করে মেটা।

Link copied!