আগস্ট ৮, ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কার্যক্রম সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে অ্যামাজন। এ লক্ষ্যে পেকোস কাউন্টিতে একটি বড় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করছে প্রতিষ্ঠানটি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে অ্যামাজন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে সম্ভাব্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের একক বৃহত্তম উৎসগুলোর একটি হতে পারে।
টেক্সাসে নির্মাণাধীন ‘জি ডব্লিউ র্যাঞ্চ’ নামের এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে প্যাসিফিকো এনার্জি। আগের নথি অনুযায়ী, এতে ৩৫টি টারবাইন থাকবে এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ৭ দশমিক ৬৫ গিগাওয়াট। বর্তমানে যুক্তরাষ্ট্রে চালু থাকা কোনো গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা এর চেয়ে বেশি নয়।
বাজারবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্লিনভিউ প্রথম অ্যামাজনের সঙ্গে প্রকল্পটির সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আনে। স্যাটেলাইটের ছবি ও অ্যামাজনের দাখিল করা ডেটা সেন্টার নির্মাণের অনুমতিপত্র বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি এই যোগসূত্র শনাক্ত করে।
প্রকল্পটি ঘিরে পরিবেশগত উদ্বেগও তৈরি হয়েছে। টেক্সাসের পেকোস কাউন্টিতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রটিকে বছরে ৩ কোটি মেট্রিক টনের বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অনুমতি দেওয়া হতে পারে। তবে নির্ধারিত সর্বোচ্চ সীমায় কোনো স্থাপনা নিয়মিতভাবে নিঃসরণ করে না বলে উল্লেখ করা হয়েছে।
এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ কারণে অনেক প্রযুক্তি কোম্পানি জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের পথ বেছে নিচ্ছে। অ্যামাজনের টেক্সাসের প্রকল্পও সেই প্রবণতারই অংশ।
অ্যামাজনের এক মুখপাত্র বলেন, কোম্পানির কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের পুরো খরচ বহনের বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় পরিচালিত নতুন ডেটা সেন্টার ক্যাম্পাসের কারণে টেক্সাসের সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ খরচ বাড়বে না বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
তবে ভবিষ্যতে বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযোগের সুযোগ থাকছে। পাশাপাশি ওই এলাকায় সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা স্থাপনের সম্ভাবনাও খতিয়ে দেখছে অ্যামাজন।
পানির ব্যবহার নিয়েও কোম্পানিটি জানিয়েছে, স্থানীয় পানির উৎসের ওপর চাপ কমাতে পানযোগ্য নয় এমন লবণাক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
অ্যামাজন বলেছে, ২০৪০ সালের মধ্যে নিট-শূন্য কার্বন নিঃসরণে পৌঁছানোর ‘দ্য ক্লাইমেট প্লেজ’ এর প্রতিশ্রুতি তারা বজায় রেখেছে। কোম্পানির দাবি, টেক্সাসে এরই মধ্যে প্রায় ১০ গিগাওয়াট সম্মিলিত সক্ষমতার ৪০টি কার্বনমুক্ত জ্বালানি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।