ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২৬, ০১:১৪ পিএম

ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতিমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, সকাল ৯টা ২০ মিনিটে গফরগাঁও স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন সরকারি বার্তা সংস্থাকে জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে কেন বা কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, ইতিমধ্যে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে রিলিফ ট্রেন কাজ করছে। উদ্ধার কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Link copied!