ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২৬, ০১:৩৭ পিএম

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নেত্রকোণা সদরে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর একটি দল তাকে গ্রেফতার করে।

ময়মনসিংহ র‍্যাবের সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গৌরীপুর থেকে রিপন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রিপন মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও আটজনকে আসামি করে নেত্রকোণা মডেল থানায় মামলা করেন। মামলার পর থেকেই গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান রিপন মিয়া।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ধর্ষণের এ ঘটনায় সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সালিস বসে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা ও এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়। এই সালিসের বেশ কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ১ আগস্ট সন্ধ্যার দিকে বাড়ির উঠানে রান্না করার সময় রিপন জোর করে পাশের জঙ্গলে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। ঘটনার সময় তার বাবা ও মা দুজনই বাড়ির বাইরে কাজে ছিলেন। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে রিপন পালিয়ে যান।

Link copied!