সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধারে হাইকোর্টের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ০২:৫৮ পিএম

সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধারে হাইকোর্টের নির্দেশ

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আজ (সোমবার) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শফিকুল ইসলাম মিজান। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে হাসপাতালের বেদখল হওয়া জমি ৩০ দিনের মধ্যে উদ্ধার করে বুঝিয়ে দিতে এবং এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল দৈনিক ইত্তেফাকে ‘হাসপাতালের ৩০ একর জমিই হাতছাড়া!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে তথ্য জানতে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়।

জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের নামে মোট ৩২ একর জমি বরাদ্দ রয়েছে। এর মধ্যে প্রায় ৮ একর জমিতে সাততলা মূল হাসপাতাল ভবন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টার, মসজিদ ও পানির পাম্প রয়েছে। বাকি জমিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্থাপনা নির্মিত হলেও সেসবের অনুকূলে জমি বরাদ্দের প্রয়োজনীয় নথি পাওয়া যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, অবশিষ্ট খালি জমির একটি বড় অংশ বহিরাগতদের দখলে চলে গেছে। সেখানে অবৈধভাবে কাঁচা-পাকা ঘরবাড়ি, দোকানপাট, কাঁচাবাজার, বরফকল, রিকশা ও অটোরিকশার গ্যারেজসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে।

পরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়। সেই রিটের শুনানি শেষে আদালত বেদখল জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

Link copied!