দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৩ জন।
আজ (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ঢাকা বিভাগে ১৫৪ জন, খুলনা বিভাগে ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬ হাজার ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি আগস্ট মাসে মারা গেছেন দুইজন। এছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।