বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০৮:৩০ পিএম

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ (রোববার) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ে আমাদের যে ইউএই অ্যাম্বাসেডার তার সাথে কথা বলেছেন। আমরা কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি, এই বিষয়টার জন্য শুধুমাত্র। তাকে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে জামিন বাতিলের জন্য সে আবেদন করবে। জামিন বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে।’

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। তবে জামিন পেলেও শর্ত অনুযায়ী তাকে সংযুক্ত আরব আমিরাতেই থাকতে হবে।

এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশনে এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি কি শর্ত সেটা আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম রয়েছে তাদেরকে আমরা ইন্সট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যানসেলেশনের জন্য তারা পারসু করে।’

তিনি আরও বলেন, ‘তারা আইনানুগভাবে গিয়েছে আমরা ল ফার্ম নিয়োগ করেছি। আমাদের চেষ্টা আমরা করছি এবং আমরা আশা করছি এগুলা আমরা বেইল ক্যানসেল করতে পারবো এবং দ্রুততম সময়ে তাকে ফেরত নিতে পারবো।’

Link copied!