রাজধানীতে সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪, প্রায় অর্ধেকই পথচারী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০১:২৬ পিএম

রাজধানীতে সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪, প্রায় অর্ধেকই পথচারী

ছবি: সংগৃহীত

গত সাড়ে ছয় বছরে রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৮৪ জন। আহত হয়েছেন আরও ২ হাজার ৪৮৮ জন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন পথচারী, যা মোট মৃত্যুর প্রায় ৪৩ শতাংশ।

শনিবার (১ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাজধানীতে সংঘটিত ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ, ২১৯ জন নারী এবং ১৩১ জন শিশু। যানবাহনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পথচারীদের। এছাড়া ৫৩৬ জন মোটরসাইকেল আরোহী এবং ২৫৬ জন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রী নিহত হয়েছেন।

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা গেছে, রাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে। এ সময়ে নিহত হয়েছেন ৫১৯ জন। এরপর সকাল, দুপুর, বিকেল, ভোর ও সন্ধ্যায় পর্যায়ক্রমে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, রাজধানীর দুর্ঘটনায় সবচেয়ে বেশি জড়িত ছিল ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্যাংকার ও ময়লাবাহী ট্রাক। এসব ভারী যানবাহনের সম্পৃক্ততা ৩৩ দশমিক ২৫ শতাংশ। এরপর রয়েছে মোটরসাইকেল, বাস, সিএনজি অটোরিকশা ও লেগুনা এবং ব্যক্তিগত গাড়ি।

সংগঠনটির পর্যবেক্ষণে বলা হয়েছে, রাজধানীতে রাতের বেলায় ভারী যানবাহনের বেপরোয়া চলাচল, দীর্ঘস্থায়ী যানজট, অপর্যাপ্ত সড়ক, ফুটপাত দখল, নিরাপদ পারাপারের অভাব এবং সড়ক ব্যবহারকারীদের অসচেতনতা দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ।

প্রতিবেদনে যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড এবং বিমানবন্দর সড়ককে রাজধানীর সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ‘হটস্পট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বছরভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালে ১২৪টি দুর্ঘটনায় ১২৬ জন নিহত হলেও পরবর্তী বছরগুলোতে দুর্ঘটনার সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৫ সালে সর্বোচ্চ ৪০৭টি দুর্ঘটনায় ২২৯ জন নিহত হন। চলতি বছরের জুলাই পর্যন্ত ২২৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩৭ জন।

সড়ক নিরাপত্তা জোরদারে কোম্পানিভিত্তিক বাসসেবা চালু, রুট রেশনালাইজেশন এবং বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের মধ্যে সমন্বিত কার্যক্রম আরও শক্তিশালী করার সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

Link copied!