আগস্ট ১, ২০২৬, ০২:২৯ পিএম
ছবি : সংগৃহীত
গুমের ঘটনায় জড়িতদের পাশাপাশি গোপন বন্দিশালার আলামত নষ্ট এবং গোপন কক্ষ আড়াল করার চেষ্টা করেছেন— এমন ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শনিবার সকালে র্যাবের কথিত গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, গুমের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং বন্দিশালার আলামত নষ্ট কিংবা দেয়াল তুলে গোপন কক্ষগুলো লুকানোর চেষ্টা করেছেন— তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।
তিনি বলেন, কথিত ‘আয়নাঘর’ কোনো কল্পকাহিনি নয়, বরং এটি বাস্তব। তার ভাষ্য, এসব গোপন বন্দিশালার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এবং এ ঘটনায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায় রয়েছে।
আমিনুল ইসলাম আরও দাবি করেন, ভারতে পাঠানোর আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও এই টিএফআই সেলে আটকে রাখা হয়েছিল।