সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তার করা কোনো আসামিকে ‘শ্যোন অ্যারেস্ট’ বা নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না—হাইকোর্টের দেওয়া সেই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
আজ (বুধবার) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ কাউকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করা যাবে না বলে আদেশ দিয়েছিলেন। একইসঙ্গে এ বিষয়ে একটি রুলও জারি করেন হাইকোর্ট।
আপিল বিভাগ হাইকোর্টের জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের এই আদেশে তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টির আশঙ্কা ছিল। এমন আইন থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও ব্যবস্থা নেয়ার সুযোগ থাকতো না।