গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ০৬:৩৩ পিএম

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফোনালাপ ও চিঠির মাধ্যমে সহায়তার আবেদন জানানো হলে সংকট মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আজ (মঙ্গলবার) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) মজুত ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) বিকল হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে শিল্প, বাণিজ্য ও আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট চলছে। বর্তমানে দৈনিক ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে প্রায় ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সমস্যার গুরুত্ব অনুভব করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার উপদেষ্টা মাহদী আমিনের মারফতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছেন। আজ বাংলাদেশ সময় বেলা ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন। আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। দ্রুততম সময়ের মধ্যে একটা সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, সংকট সমাধানে জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা, আরপিজিসিএল এবং এক্সেলারেট এনার্জি নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করছে। এ বিষয়ে এক্সেলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট আজিজ কাসিমের সঙ্গেও তার কথা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশ-বিদেশি বিশেষজ্ঞরা সমস্যা সমাধানে প্রাণপণ চেষ্টা করছেন।

তিনি জানান, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়েও কাজ চলছে।

Link copied!