রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুত: সিইসি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ০৬:৩৯ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুত: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ (মঙ্গলবার) ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। 

সিইসি বলেন, এখনও নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে ভোটার তালিকা প্রস্তুতের জন্য সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিইসি, তিন নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, পার্লামেন্ট সেশন থাকলে এক ধরণের ব্যবস্থা। আর যদি সেশন না থাকে তাহলে আরেক ধরণের ব্যবস্থা। এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি।

প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আরও জানান, নির্বাচনের দিনক্ষণ আমরা গেজেট আকারে প্রকাশ করব। আপনারা তখন জানতে পারবেন। এখনও চূড়ান্ত দিনক্ষণ আমরা ঠিক করিনি।

সিইসি জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থেকে চিঠি পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, উনারা আমাদেরকে রেফার করলে তখন দেখা যাবে। সাতক্ষীরার বিষয়টি আজকের আলোচনার বিষয়বস্তু ছিল না। আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম।

উল্লেখ্য, গত ২৪ জুলাই অসুস্থতার কথা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

Link copied!