রাজধানীর মিরপুরে দেয়াল ধসে নিহত ১, আহত অন্তত ৭

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ০৩:৫২ পিএম

রাজধানীর মিরপুরে দেয়াল ধসে নিহত ১, আহত অন্তত ৭

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

আজ (মঙ্গলবার) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে (লাভ রোড–মন্দির রোড এলাকায়) এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাছিমা বেগম মিরপুর-২-এর জনতা হাউজিং এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ডাব বিক্রেতা শাকিব বলেন, টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধস পড়তে দেখে আমি দৌড়ে যাই। এ সময় দেয়াল চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। এরমধ্যে মুখ তেঁতলানো ও পা ভেঙে যাওয়া এক নারীকে দেখতে পাই। নাসিমা নামে ওই নারীর মৃত্যু হয়েছে। 

নিহতের স্বজন তারেক বলেন, নাসিমা আমার পাশের বাসায় থাকেন। তিনি দেয়াল ধসে পড়ে মারা গেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (জোন) মোস্তাক সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হতাহতদের সঠিক সংখ্যা এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

Link copied!