জুলাই ২৮, ২০২৬, ০২:৫০ পিএম
প্রতীকী ছবি
জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পের পরপরই দেশটির আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে।
জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, কুমামোতোর পশ্চিম উপকূলের কাছে অবস্থিত আরিয়াকে উপসাগরের জন্য এ সতর্কতা জারি করা হয়েছে। এলাকাটি রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার বা ৫৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
ভূমিকম্পের পর দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, কাছাকাছি থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।
কুমামোতো অঞ্চল এর আগেও বড় ধরনের ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। ২০১৬ সালে সেখানে ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় ৫০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ১ হাজার ৮০০ জন আহত হন। এছাড়া কয়েক দশ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
এর আগে, গত ২০ এপ্রিল জাপানের উত্তরাঞ্চলেও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পের পর ইওয়াতে উপকূলের কাছে সৃষ্ট কম্পনের কারণে ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডো এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।