সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ০২:৩৩ পিএম

সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

ছবি: মার্ভেল

মার্ভেল ভক্তদের তুমুল উন্মাদনার মধ্যদিয়ে আবারও পর্দায় আসছে জনপ্রিয় সুপারহিরো চরিত্র ‘স্পাইডার-ম্যান’। আগামী ৩১ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে মুক্তির এক দিন আগে, অর্থাৎ ৩০ জুলাই দেশের মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম সিনেমা এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি এটি। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে স্পাইডার-ম্যান চরিত্রে আবারও অভিনয় করেছেন টম হল্যান্ড। তাঁর বিপরীতে জেন্ডায়াকেও দেখা যাবে আগের মতোই।

জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন এবং ‘হাল্ক’ চরিত্রে মার্ক রাফেলোর প্রত্যাবর্তনের পাশাপাশি সিনেমাটিতে যুক্ত হচ্ছেন বেশ কয়েকজন নতুন মুখ। পিটারের স্মৃতি থেকে মুছে যাওয়ার পর এমজে নিজের জীবন নতুনভাবে এগিয়ে নেয়। ‘আসোকা’খ্যাত অভিনেতা ইমান এসফান্ডি এই সিনেমায় এমজে’র নতুন বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছেন।

‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ককে দেখা যাবে একটি রহস্যময় চরিত্রে। তবে মার্ভেল ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হলো, জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘ডেয়ারডেভিল’-এর পর জন বার্নথাল আবারও বড় পর্দায় ফিরছেন তাঁর পরিচিত চরিত্র ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ হিসেবে।

নতুন সিনেমায় পিটার পার্কারের মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্বের লড়াইকে আরও গভীরভাবে তুলে ধরা হবে। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর চার বছর পরের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। পিটার পার্কারের জীবনের নতুন অধ্যায় কীভাবে শুরু হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

আগের সিনেমাগুলোর তুলনায় এবার পিটারকে আরও দায়িত্বশীল, স্বাধীন ও মানসিকভাবে পরিণত চরিত্রে দেখা যাবে। চরিত্রের বিকাশ পছন্দ করেন এমন দর্শকদের জন্য সিনেমাটি বিশেষ আকর্ষণের হতে পারে।

গল্প ও ভিজ্যুয়াল ইফেক্টের পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকেও নতুনত্ব থাকছে সিনেমাটিতে। এটি বিশ্বের প্রথম সিনেমা, যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ উদ্যোগের আওতায় নির্মিত হয়েছে। স্ক্রিন-এক্স একটি উন্নত সিনেমা প্রদর্শন প্রযুক্তি, যেখানে সাধারণ পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়। এর ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউয়ের অভিজ্ঞতা পাবেন।

মুক্তির তারিখ ঘোষণার আগ থেকেই সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া পড়ে। প্রথম ২৪ ঘণ্টায় ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। এরই মধ্যে অগ্রিম টিকিট বুকিংও শুরু হয়েছে। সব মিলিয়ে সিনেমাটি মুক্তির পর বড় সাফল্য পেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Link copied!