ক্যান্সারের সঙ্গে লড়ছে জনপ্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু!

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৬:১৮ পিএম

ক্যান্সারের সঙ্গে লড়ছে জনপ্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু!

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা দেয়। সম্প্রতি ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তার বদলে যাওয়া শারীরিক অবয়ব দেখে ভক্তদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। অবশেষে এ বিষয়ে ধোঁয়াশার অবসান ঘটিয়ে স্বামীর শারীরিক অবস্থা ও দীর্ঘ চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরেছেন তার স্ত্রী ও জনপ্রিয় সংগীতশিল্পী বিন্দু কণা।

ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বিন্দু কণা জানান, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ একটি অস্ত্রোপচারের (সার্জারি) মধ্য দিয়ে যেতে হয়। বর্তমানে চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন তিনি এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

লাইভে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বিন্দু কণা বলেন, ‘ইবরার টিপুর বড় একটি অপারেশন হয়েছে। তাই এখনো কথা বলতে কিছুটা ক্লান্তি ও সমস্যা হচ্ছে। তবে আশার কথা হলো, সে ধীরে ধীরে সেরে উঠছে। সম্প্রতি একটি ভিডিও দেখার পর অনেকেই চিন্তিত হয়ে আমাদের ফোন করেছেন, খবর নিয়েছেন। কিন্তু এই মুহূর্তে সবার সাথে ফোনে কথা বলা তার পক্ষে সম্ভব নয়। আরেকটু সুস্থ হলে টিপু নিজেই সবার সাথে যোগাযোগ করবে।’

বিষয়টি এতদিন গোপন রাখার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘ক্যান্সারের মতো একটি কঠিন যাত্রা ও দীর্ঘ চিকিৎসা আমাদের পার করতে হয়েছে। আমরা আসলে বিষয়টি কাউকে জানিয়ে ব্যতিব্যস্ত করতে চাইনি। কিন্তু সম্প্রতি ফেসবুকে টিপুর বর্তমান চেহারা দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছিলেন। তাই ভুল বোঝাবুঝি এড়াতে আজ বিষয়টি সবাইকে জানানো প্রয়োজন মনে করেছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগে এক সাক্ষাৎকারে ইবরার টিপুও ক্যান্সারের সঙ্গে নিজের লড়াইয়ের কথা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, চিকিৎসকদের কঠোর তত্ত্বাবধানে থেকে নিয়মিত থেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন। তবে এই কঠিন সময়েও মানসিকভাবে দৃঢ় থাকতে তিনি আশ্রয় নিয়েছিলেন সংগীতের। নিয়মিত সংগীতচর্চা এবং নতুন গান তৈরির কাজই তাকে এই দুঃসময় অতিক্রম করার মানসিক শক্তি জুগিয়েছে।

তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে কাজ করে আসছেন ইবরার টিপু। তার সুর ও সংগীতে সৃষ্টি হয়েছে বহু জনপ্রিয় ও কালজয়ী গান। দেশের বিভিন্ন রিয়েলিটি শোর শিরোনাম সংগীত নির্মাণের পাশাপাশি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত বহুল প্রশংসিত স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ তাকে এনে দেয় বিশেষ পরিচিতি।

বর্তমানে উন্নত চিকিৎসার অংশ হিসেবে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইবরার টিপু। দীর্ঘ চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের ধকল কাটিয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীতাঙ্গনে সক্রিয় হয়ে ফিরবেন—এমন প্রত্যাশাই তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।

Link copied!