ছবি: সংগৃহীত
সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আজ (রোববার) দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় আমির-গৌরীর আইনি বিয়ে।
আমির খানের এই তৃতীয় বিয়েতে ছিল না কোনো তারকাখচিত আয়োজন কিংবা বিলাসবহুল উৎসব। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বাবার জীবনের এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তানও।
আমির-গৌরীর পরিচয় নতুন নয়। প্রায় ২৫ বছর আগে প্রথম দেখা হয় তাদের। সময়ের ব্যবধানে যোগাযোগ হারিয়ে গেলেও ২০২৪ সালে আমিরের বোন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবারও তাদের সাক্ষাৎ হয়। সেই পুরোনো পরিচয় ধীরে ধীরে রূপ নেয় গভীর সম্পর্কে।
প্রেমের শুরুতে তাদের সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দূরত্ব। গৌরী ছিলেন বেঙ্গালুরুতে, আর আমির খান মুম্বাইয়ে। প্রায় এক বছর দীর্ঘ দূরত্বের সম্পর্কের পর গৌরী মুম্বাইয়ে আমিরের কাছে চলে আসেন, সঙ্গে ছিল তার আগের সংসারের সন্তানও। এরপর থেকেই একসঙ্গে নতুন জীবনের পথচলা শুরু করেন তারা, যা শেষ পর্যন্ত গড়ায় বিয়েতে।
আমির খানের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। ১৯৮৬ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হলেও সন্তানের দায়িত্ব পালনে আজও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে তাদের মধ্যে।
এরপর ২০০৪ সালে পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান আমির খান এবং ২০০৫ সালে তারা বিয়ে করেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় ছেলে আজাদ। তবে ২০২১ সালে এই সম্পর্কেরও সমাপ্তি ঘটে। বিচ্ছেদের পরও দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।
দুই অধ্যায়ের পর জীবনের তৃতীয় ইনিংস শুরু করলেন আমির খান। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে বিয়ের মাধ্যমে নতুন যাত্রায় পা রাখলেন এই তারকা।