স্থানীয় প্রশাসনের অবহেলায় চট্টগ্রামের বন্যাদুর্গতরা পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না: নাহিদ ইসলাম

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৯:০২ পিএম

স্থানীয় প্রশাসনের অবহেলায় চট্টগ্রামের বন্যাদুর্গতরা পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

রংপুরের সমাবেশে বিএনপির সমালোচনা, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি

রংপুরে এগারো দলীয় জোটের বিভাগীয় সমাবেশে স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাদুর্গত মানুষ পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, সীমান্তে পুশ-ইন বন্ধ এবং জনগণের দুর্ভোগ নিরসনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষের জন্য তারা দোয়া করছেন। তবে স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি-সমর্থিত মেয়র চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার পুশ-ইন ও সীমান্ত হত্যা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এসব বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

রংপুরের উন্নয়ন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বছরের পর বছর বিভাগটি বৈষম্যের শিকার হয়েছে। নতুন সরকারের প্রথম বাজেটে রংপুরের জন্য বিশেষ বরাদ্দের প্রত্যাশা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। বরং উন্নয়ন বরাদ্দ কমেছে এবং বড় কোনো প্রকল্পও রাখা হয়নি বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

বিরোধীদলীয় আসনের বরাদ্দ কমানোর সমালোচনা করে তিনি বলেন, সমালোচনার কারণে জনগণের অধিকার খর্ব করা উচিত নয়। প্রয়োজনে সংসদ সদস্যদের বেতন বন্ধ করা যেতে পারে, তবে বিরোধী দলের জনগণের প্রাপ্য বরাদ্দ কমানো উচিত নয়।

সমাবেশে বিএনপিরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, বিএনপি গণভোট, একত্রিশ দফা, জুলাই সনদ এবং গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করেছে। গণভোটের রায় বাস্তবায়নে সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ এগারো দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

 

 

 

 

 

 

Link copied!