জনস্বার্থবিরোধী আইএমএফ প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছে সরকার: অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৭:১১ পিএম

জনস্বার্থবিরোধী আইএমএফ প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছে সরকার: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

মানুষের স্বার্থ ক্ষুণ্ন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না বলে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে হবে। এ কারণেই বর্তমান সরকার আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসেছে।

আজ (রোববার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

সরকারের প্রধান লক্ষ্য অর্থায়ন পাওয়া নয়, বরং দেশের স্বার্থ রক্ষা করা—এ কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের এবং দেশের অর্থনীতির স্বার্থ সুরক্ষিত রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। জনগণের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করে নতুন প্রোগ্রামে আমরা যাচ্ছি। যে কর্মসূচিতেই আমরা যাই না কেন, সেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ শতভাগ সংরক্ষিত থাকবে।

অর্থমন্ত্রী আরও বলেন, আগের সরকারের নেয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী। সেই কর্মসূচিতে এমন অনেকগুলো শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয়। এই কারণে বর্তমান সরকার সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছে।

এদিকে, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান ভিসানীতিতে পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি জানান, দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে আস্থা বাড়াতে বর্তমান ভিসানীতিকে আরও সহজ ও আধুনিক করা হবে। তার মতে, ভিসানীতি আধুনিক করা হলে দেশে বিদেশি পর্যটকের আগমন বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীরা আরও স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারবেন।

Link copied!