টানা বৃষ্টিতে বাজারে ভোগান্তি, বেড়েছে কাঁচামরিচ-ডিমের দাম

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০২:৫৮ পিএম

টানা বৃষ্টিতে বাজারে ভোগান্তি, বেড়েছে কাঁচামরিচ-ডিমের দাম

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার প্রভাব পড়েছে বাজারেও। বাজারের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। এর মধ্যেই সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটায় এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা। তবে সবজি ও মুরগির বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি। অন্যদিকে ডিমের দাম কিছুটা বেড়েছে, আর কমেছে চালের দাম।

আজ (শুক্রবার) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টির কারণে বাজারে আসতে ক্রেতাদের ভোগান্তি পোহাতে হয়েছে। জলাবদ্ধতার মধ্যেই দোকান বসিয়ে বেচাকেনা চালিয়ে যেতে হয়েছে ব্যবসায়ীদের। অনেক ক্রেতাকেই বৃষ্টিতে ভিজে বাজার করতে দেখা গেছে।

বৃষ্টির কারণে কাঁচামরিচের সরবরাহ কিছুটা কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৮০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৪০ টাকা।

তবে সবজির বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। কয়েকটি সবজির দাম সামান্য বাড়লেও বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল রয়েছে। বর্তমানে প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, কাঁকরোল ও করলা ৭০ টাকা দরে। আলু ও পেঁয়াজের দামও যথাক্রমে ২৫ টাকা ও ৩০ টাকায় অপরিবর্তিত রয়েছে।

এদিকে ডিমের বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সাদা ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা ডজন। ডিম বিক্রেতা সোলায়মান জানান, খামার পর্যায়ে দাম বাড়ায় খুচরা বাজারেও দাম বাড়াতে হয়েছে।

মুরগির বাজার অবশ্য স্থিতিশীল রয়েছে। বর্তমানে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকা, ব্রয়লার ১৭০ থেকে ১৮০ টাকা এবং লেয়ার ৩৪০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, সরবরাহ ও চাহিদা স্বাভাবিক থাকায় দামে বড় কোনো পরিবর্তন হয়নি।

অন্যদিকে চালের বাজারে কিছুটা স্বস্তি এসেছে। সেদ্ধ চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা কমেছে। বর্তমানে আটাশ চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে। মিনিকেট চালের দাম কমে হয়েছে ৭২ থেকে ৭৪ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭৫ থেকে ৭৬ টাকা। তবে পোলাওয়ের চালের দাম কিছুটা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে।

মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে চাষের পাঙাশ বিক্রি হচ্ছে ২২০ টাকা, চাষের কৈ ২০০ টাকা, চাষের শিং ৪০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা এবং কাতলা ৪০০ থেকে ৪২০ টাকা কেজি দরে।

Link copied!