ফিফা বিশ্বকাপ ২০২৬

ফ্রান্সের ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টিনার, মেসিকেও ‘রেফারি’ করার আহ্বান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৬:০৬ পিএম

ফ্রান্সের ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টিনার, মেসিকেও ‘রেফারি’ করার আহ্বান

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। গুরুত্বপূর্ণ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পাঁচজন ম্যাচ কর্মকর্তা, যাদের সবাই আর্জেন্টিনার। ফিফার এমন সিদ্ধান্তকে ঘিরে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।

চলতি বিশ্বকাপে এর আগে রেফারি ও দুই সহকারী রেফারি একই দেশের হলেও চতুর্থ রেফারি, রিজার্ভ রেফারি কিংবা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সাধারণত অন্য দেশের ছিলেন। তবে ৯৬টি ম্যাচের পর এবারই প্রথম একটি ম্যাচে পাঁচজন ম্যাচ কর্মকর্তাই আর্জেন্টিনার হওয়ায় প্রশ্ন তুলছেন অনেকে।

বিশেষ করে সাম্প্রতিক দুই বিশ্বকাপে ফ্রান্স ও আর্জেন্টিনার নকআউট লড়াইয়ের ইতিহাস সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্স আর্জেন্টিনাকে বিদায় করেছিল। আর ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারায় ফরাসিরা। সেই প্রেক্ষাপটে কিছু সমর্থক আশঙ্কা প্রকাশ করছেন, আর্জেন্টাইন ম্যাচ কর্মকর্তারা ফ্রান্সের বিপক্ষে পক্ষপাতদুষ্ট হতে পারেন।

ফ্রান্স-মরক্কো ম্যাচে প্রধান রেফারির দায়িত্বে থাকবেন ফাকুন্দো তেলো। তার সহকারী হিসেবে থাকবেন জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চেদ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা এবং রিজার্ভ রেফারি থাকবেন ক্রিশ্চিয়ান নাভারো।

দক্ষিণ আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে পরিচিত ফাকুন্দো তেলো কঠোরভাবে ম্যাচ পরিচালনার জন্য সুপরিচিত। ২০২২ কাতার বিশ্বকাপে পর্তুগাল-মরক্কো ম্যাচে মরক্কোর ওয়ালিদ চেদিরাকে লাল কার্ড দেখিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। একই বছর আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাবের ম্যাচে ১০টি লাল কার্ড দেখিয়েও ব্যাপক আলোচনার জন্ম দেন। এবারই প্রথম তিনি ফ্রান্সের কোনো ম্যাচ পরিচালনা করবেন।

অন্যদিকে, আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি ছিলেন ফরাসি নাগরিক ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের। ওই ম্যাচে তার বিরুদ্ধে আর্জেন্টিনার পক্ষে সিদ্ধান্ত দেওয়ার অভিযোগ তুলেছিল মিশর শিবির।

ফিফার সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে ফ্রান্সের সংবাদমাধ্যম ও সমর্থকদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একটি ফরাসি সংবাদপত্র মন্তব্য করেছে, ‘ফিফার কোনো লজ্জা নেই।’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক কটাক্ষ করে লিখেছেন, ‘ফিফা এক কাজ করুক। মেসিকেই রেফারি হিসেবে নিয়োগ করুক।’

Link copied!