জুলাই ৯, ২০২৬, ০৬:১৩ পিএম
ছবি: সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সম্ভাব্য প্রাণঘাতী সহিংসতা, জনদুর্ভোগ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রিটে বিশ্বকাপের খেলা সর্বসাধারণের জন্য প্রদর্শন ও উদযাপনের সময় নির্ধারণ, আতশবাজি ও লাউডস্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন এবং রাত ১১টার পর উচ্চ শব্দ ও আতশবাজি বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম আজ (বৃহস্পতিবার) হাইকোর্টে এ রিট আবেদন করেন।
তিনি বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বকাপকে কেন্দ্র করে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গভীর রাতে উচ্চ শব্দে আতশবাজি ফোটানোর কারণে শিশু, বয়স্কসহ সাধারণ মানুষের ঘুম ব্যাহত হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই রিটটি করা হয়েছে।
রিটের সঙ্গে ‘বিশ্বকাপ উন্মাদনায় প্রাণ গেছে ১০ জনের’ শীর্ষক একটি সংবাদ প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ ফুটবল ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা থাকলেও বাংলাদেশে খেলার সুযোগ না থাকলেও সমর্থকদের মধ্যে উত্তেজনার কমতি নেই। বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা অনেক ক্ষেত্রে সহিংসতায় রূপ নিচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই সময়ে অন্তত ৪৫ জন আহত হয়েছেন।
এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, যেসব স্থানে বড় পর্দায় খেলা প্রদর্শন করা হবে, সেসব স্থানে ডিবির নজরদারি থাকবে।
বিশ্বকাপকে কেন্দ্র করে সহিংসতার কারণ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, খেলা বিনোদনের অংশ, তাতে জয়-পরাজয় থাকবে—এটি মেনে নেওয়ার মানসিকতায় ঘাটতি আছে আমাদের। তবে এটি শুধু ক্রীড়াক্ষেত্রে নয়; জাতিগতভাবেই আমরা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক—কোনো ক্ষেত্রেই জয়-পরাজয় স্বাভাবিকভাবে নিতে পারি না।
এদিকে, পূর্বে উল্লেখিত ১০ জনের বাইরে কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক মো. শরিফুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।