জুলাই ১০, ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ছিল অনেকটাই একপেশে। ফরাসিদের দাপুটে ফুটবলের সামনে অসহায় দেখা গেছে আশরাফ হাকিমিদের। পুরো ম্যাচে একক আধিপত্য বিস্তার করে আফ্রিকান পরাশক্তি মরক্কোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এর মধ্য দিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছেন দিদিয়ের দেশামের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ শানায় ফ্রান্স। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। ২৫তম মিনিটে মরক্কোর ডি-বক্সে ফাউল করেন নুসাইর মাজরাউয়ি। লাইন্সম্যানের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা শেষে রেফারি ফাকুন্দো তেল্লো ফ্রান্সের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। পরে ভিএআরের সহায়তা নেওয়া হলেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন তিনি।
স্পট কিক থেকে গোল করার দায়িত্ব নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বল জালে জড়ানোর জন্য এমবাপ্পে পেনাল্টি কিকটি ডান দিকের নিচের কোণা (বরাবর নিয়েছিলেন। কিন্তু মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু যেন আগে থেকেই এমবাপ্পের শটের দিক নিখুঁতভাবে অনুমান করতে পেরেছিলেন। সঠিক সময়ে দুর্দান্ত এক ডাইভ দিয়ে এমবাপ্পের সেই শট রুখে দেন বুনু।
এরপর ৩২তম মিনিটে ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়ে দুর্দান্ত একক নৈপুণ্যে মরক্কোর ডি-বক্সে ঢুকে পড়েন। গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পোস্টের বাম দিকে লক্ষ্য করে শট নিলেও আবারও বাধা হয়ে দাঁড়ান ইয়াসিন বুনু। নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে স্বস্তি এনে দেন তিনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৬০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। ডি-বক্সের বাইরে থেকে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে বিদ্যুৎগতির এক শট নেন। তার নিখুঁত ও জোরালো প্রচেষ্টা মরক্কোর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ডান দিকের পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে যায়। তাতেই গোল উদযাপনে মেতে ওঠে ফরাসি শিবির।
এরপর ৬৬তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের চমৎকার এক পাস থেকে ডি-বক্সের ঠিক বাইরে বল পান উসমান দেম্বেলে। তার শটটি খুব বেশি জোরালো না হলেও মরক্কোর ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বলটি কোনোমতে ডান দিকের নিচের কোণা দিয়ে জালে জড়ায়। তাতেই ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় ফ্রান্স।