জুলাই ৯, ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে শক্তিশালী ফ্রান্সের ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আফ্রিকার একমাত্র প্রতিনিধি মরক্কো। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের অন্যতম সেরা পারফর্মার ইসমাইল সাইবারিকে পাচ্ছে না আফ্রিকার দলটি।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন। মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি বিষয়টি নিশ্চিত করেছেন।
রাউন্ড অব ১৬-এর ম্যাচে কানাডার বিপক্ষে খেলতে গিয়ে চোট পান সাইবারি। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দলের অন্যতম সেরা গোলদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
এবারের বিশ্বকাপে বড় তারকাদের বাইরে অন্যতম আলোচিত খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাইবারি। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে পিএসভি এইনডোভেন থেকে ৫০ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভিড়িয়েছে বায়ার্ন।
সাইবারির অনুপস্থিতি নিয়ে কোচ ওয়াহবি বলেন, সাইবারি ছাড়া দলে অন্যরা শতভাগ ফিট আছে। এই ম্যাচে সে খেলতে পারছে না। আশা করি এটাই টুর্নামেন্টে তার শেষ ম্যাচ হবে না।
বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন সাইবারি। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে পেনাল্টি শুটআউটে জয়সূচক শটটি নিয়েছিলেন তিনি।
এদিকে, ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি মরক্কোর জন্য প্রতিশোধের সুযোগও। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছেই হেরে বিদায় নিয়েছিল ‘অ্যাটলাস লায়ন্স’রা। ওই আসরে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ইতিহাস গড়েছিল মরক্কো।
এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করে শেষ চারে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে মরক্কোর সামনে।