ব্রাজিলের বিদায়ের পর ছেলেকে আবেগঘন বার্তা নেইমার সিনিয়রের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৪:১৫ পিএম

ব্রাজিলের বিদায়ের পর ছেলেকে আবেগঘন বার্তা নেইমার সিনিয়রের

ছবি: সংগৃহীত

‘ফুটবলটা আবার আনন্দ নিয়ে খেলো, সমালোচনার ভার কাঁধে নিও না’

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর এখনো কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি নেইমার জুনিয়র। তবে ছেলের উদ্দেশে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র।

ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি ছেলেকে ফুটবল চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সমালোচনা কিংবা অপূর্ণ স্বপ্নের ভার না টেনে আবারও মাঠে আনন্দ নিয়ে খেলতে বলেন।

নেইমার সিনিয়র লেখেন, “কী এক অসাধারণ পথচলা! চড়াই-উতরাই, আনন্দ আর কষ্টে ভরা এক যাত্রা। কিন্তু সবকিছুর মধ্যেই ঈশ্বরের অশেষ আশীর্বাদ রয়েছে।”

ছেলের শৈশবের কথা স্মরণ করে তিনি বলেন, ছোটবেলা থেকেই বুঝেছিলেন নেইমারের মধ্যে বিশেষ কিছু আছে। সেটি শুধু প্রতিভা নয়, বরং একটি মিশন।

তিনি লেখেন, “তোমার প্রথম গোল, প্রথম ট্রফি, পেশাদার ফুটবলে অভিষেক, বিশ্বের বড় বড় স্টেডিয়ামে খেলা এবং ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামা—প্রতিটি মুহূর্তে আমি তোমার পাশে ছিলাম। তোমার সঙ্গে কেঁদেছি, প্রার্থনা করেছি এবং আনন্দ ভাগ করে নিয়েছি।”

এরপর একজন বাবা হিসেবে ছেলের প্রতি নিজের আবেদন তুলে ধরে তিনি বলেন, “বাবা, তুমি ফুটবল খেলা চালিয়ে যাও। বল পায়ে আবার আনন্দ খুঁজে নাও। মাঠে আবার হাসো। ঈশ্বর তোমাকে আবারও সেই কাজটি করার সুযোগ দিয়েছেন, যেটি তুমি সবচেয়ে বেশি ভালোবাসো।”

সমালোচনা ও প্রত্যাশার চাপ নিয়ে না ভাবার পরামর্শ দিয়ে নেইমার সিনিয়র লেখেন, “সমালোচনার ভার, প্রত্যাশার চাপ কিংবা জীবনের বাধাগুলো কাঁধে বয়ে বেড়িয়ো না। একটি স্বপ্ন পূরণ না হওয়ার অর্থ এই নয় যে, সেই স্বপ্ন শেষ হয়ে গেছে। কোনো কঠিন মুহূর্ত দিয়ে জীবনের গল্প শেষ হয় না। শেষ অধ্যায় লেখেন ঈশ্বর।”

বার্তার শেষাংশে তিনি বলেন, “আগামীকালের ভয় করো না। আজকের দিনটা উপভোগ করো। অনুশীলন করো, হাসো, ফুটবল খেলো, সন্তানদের জড়িয়ে ধরো, পরিবারকে ভালোবাসো। আমি বিশ্বাস করি, তোমার জীবনে এখনো এমন কিছু অধ্যায় বাকি আছে, যা তুমি কল্পনাও করোনি। ফুটবলটা হালকা মনে খেলো, মানুষকে আবারও মন্ত্রমুগ্ধ করো।”

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় জাতীয় দলের হয়ে নিজের অধ্যায় শেষ হওয়ার ইঙ্গিত দেন নেইমার। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের পাশে দাঁড়িয়ে এই বার্তা দেন নেইমার সিনিয়র।

Link copied!