জুলাই ৭, ২০২৬, ০১:০০ পিএম
ছবি: সংগৃহীত
ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ পর্যন্ত অধরাই থেকে গেল। ছয়টি বিশ্বকাপ খেলেও শিরোপার স্বাদ পেলেন না পর্তুগালের এই মহাতারকা। স্পেনের কাছে শেষ ষোলোতে হেরে বিদায় নেওয়ার মধ্য দিয়ে শেষ হলো তার বর্ণাঢ্য বিশ্বকাপ ক্যারিয়ার। ম্যাচ শেষে নিজেই নিশ্চিত করেছেন, এটাই ছিল তার ফুটবল জীবনের শেষ বিশ্বকাপ।
বিশ্বকাপ ট্রফি ছুঁতে না পারার আক্ষেপ থাকলেও বিদায়বেলায় হতাশার চেয়ে আত্মতৃপ্তির কথাই বেশি বলেছেন রোনালদো। তার ভাষ্য, জাতীয় দলের হয়ে নিজের সর্বোচ্চটুকুই দিয়েছেন তিনি। তাই বিদায়ের মুহূর্তে বিবেকের কাছে নিজেকে নির্ভার মনে হচ্ছে তার। পাশাপাশি বিশ্বকাপ না জিতলেও পর্তুগালের জার্সিতে নিজের অর্জন নিয়ে গর্ব প্রকাশ করেছেন এই ফরোয়ার্ড।
আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে রোনালদো বলেন, তার নেতৃত্বেই প্রথমবারের মতো বড় শিরোপার স্বাদ পেয়েছে পর্তুগাল। তার সময়ে দলটি জিতেছে তিনটি আন্তর্জাতিক ট্রফি, যেখানে তার আগে কোনো শিরোপাই ছিল না।
রোনালদো বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। আমার আগে এই দলের কোনো শিরোপাই ছিল না। তাই আমার খুশি হওয়ারই কথা।’
২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল। এই তিনটি শিরোপাই এসেছে রোনালদোর নেতৃত্বে। বিশ্বকাপ জিততে না পারলেও ইউরো শিরোপার মূল্য তার কাছে বিশ্বকাপের সমান বলেই জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমি ২০১৬ সালের ইউরো জিতেছি। আমার কাছে সেই শিরোপার মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান। সেই অর্জন চিরকাল আমার সঙ্গে থাকবে। আগামীকাল নতুন একটি দিন, আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
এর আগেই শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়েছিলেন রোনালদো। স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে আবারও সেই সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ‘হ্যাঁ, এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ। এখন আমার সামনে ভাবার সময় থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে। জীবন চলতেই থাকবে। আমি বিবেকের কাছে নির্ভার থেকে বিদায় নিচ্ছি। ফুটবলে কখনো জিততে হয়, কখনো হারতে হয়।’
জাতীয় দলের হয়ে নিজের অর্জন নিয়ে গর্ব প্রকাশ করলেও বিশ্বকাপ থেকে বিদায়ের কষ্ট লুকাননি পর্তুগিজ অধিনায়ক।
তিনি বলেন, ‘এভাবে বিদায় নিতে হওয়ায় অবশ্যই খারাপ লাগছে। কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি।’
বিশ্বকাপে পর্তুগালের পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন করতে গিয়েও দলের প্রতি আস্থা প্রকাশ করেন রোনালদো। একই সঙ্গে স্পেনকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ভালোই খেলেছি, দলের পারফরম্যান্সও খারাপ ছিল না। অবশ্য আরও ভালো করা যেত। তবে স্পেন বিশ্বের অন্যতম সেরা দল। আমার বিশ্বাস, তারা ফাইনালে উঠবে। অথবা অন্তত তার খুব কাছাকাছি যাবে।’