ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নেইমার জুনিয়র ও নরওয়ের গোলরক্ষক অরইয়ান নাইল্যান্ডের একটি সংক্ষিপ্ত কথোপকথন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ম্যাচের যোগ করা সময়ে ব্রাজিল পেনাল্টি পেলে স্পট কিক নিতে এগিয়ে যান নেইমার। ঠিক তখনই তার সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন নাইল্যান্ড। পরে ব্রাজিলের টেলিভিশন অনুষ্ঠান ফান্তাস্তিকো সেই কথোপকথনের ভিডিও প্রকাশ করে।
ভিডিওতে দেখা যায়, নেইমার গোলকিপারকে উদ্দেশ্য করে বলেন, “কোন দিকে চাস? কোন দিকে মারব বল?”
জবাবে নাইল্যান্ড আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “পোস্টে মার। তবে আমি এটা ঠেকিয়ে দেব। দেখে নিস, আমি এটা সেভ করব।”
তবে শেষ পর্যন্ত নিখুঁত শটে বল জালে জড়ান নেইমার। গোল করার পর নরওয়ের গোলরক্ষকের দিকে তাকিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেন, “আমার সঙ্গে এই চালাকি চলবে না! আমার সঙ্গে নয়!”
যদিও সেই গোল ব্রাজিলকে ম্যাচে ফেরাতে পারেনি। এর আগে প্রথমার্ধে ব্রুনো গিমারায়েসের নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় রুখে দেন নাইল্যান্ড। সেই সেভই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় নেইমার ইঙ্গিত দেন, এটাই ছিল ব্রাজিলের জার্সিতে তার শেষ ম্যাচ। ব্রাজিলের গণমাধ্যম জিই টিভিকে তিনি বলেন, “আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।”
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের হয়ে অভিষেক হয় নেইমারের। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করেছেন। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেও বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি তার।