সাগরে নিম্নচাপ, একাধিক রুটে লঞ্চ চলাচল বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৭:৫৭ পিএম

সাগরে নিম্নচাপ, একাধিক রুটে লঞ্চ চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় তীব্র বাতাস ও দিনভর ভারি বৃষ্টিতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দুপুরের পর থেকে ঢাকা রুটের লঞ্চ চলাচলও স্থগিত করা হয়।

লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হলে রাতের দিকে ঢাকার উদ্দেশ্যে কিছু লঞ্চ চলাচল শুরু হতে পারে। তবে ভোলা-লক্ষ্মীপুর রুটে আপাতত লঞ্চ চলাচল শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই রুটের নিয়মিত যাত্রীরা ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি আরও অবনতি হলে নিরাপত্তার স্বার্থে সব রুটে নৌযান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।

Link copied!