ছবি: সংগৃহীত
দীর্ঘ চার মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। আজ (রোববার) দুপুর ১২টা ৭ মিনিটে ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৮ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইটটি অবতরণের পর যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হজ মৌসুমে উড়োজাহাজ সংকটের কারণ দেখিয়ে প্রায় চার মাস আগে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এরপর যুক্তরাজ্য, বিশেষ করে সিলেটি প্রবাসীদের পক্ষ থেকে সরাসরি এই ফ্লাইট পুনরায় চালুর দাবি জানানো হয়।
রুটটি পুনরায় চালুর দাবিতে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়। গত ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা এবং বিমান বাংলাদেশের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। সেখানে ফ্লাইট বন্ধের কারণ ও পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। পরে ৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির ঘোষণা দেন, সরকার গঠন করতে পারলে সিলেট-ম্যানচেস্টার রুট পুনরায় চালু করা হবে।
রোববার ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের বিজি-২০৮ ফ্লাইটটি সিলেটে পৌঁছায়।
এ সময় বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেটকে দেশের একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র বা ‘হাব’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। শুধুমাত্র বিমান যাত্রী আনা-নেওয়াই নয়, বরং এই অঞ্চলের পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং তারা যাতে স্বস্তিতে ও সাশ্রয়ী সময়ে যাতায়াত করতে পারেন, সেজন্য এই রুটটি চালুর ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার প্রবাসীদের সেবার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া সহনীয় পর্যায়ে আনতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। ম্যানচেস্টার রুটে ফ্লাইটের ধারাবাহিকতা বজায় রাখতে ইতোমধ্যে বিমান লিজ (উড়োজাহাজ ভাড়া) নেওয়ার প্রক্রিয়া চলছে। এর ফলে ভবিষ্যতে এই ফ্লাইট বন্ধ হওয়ার আশঙ্কা থাকবে না।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান সম্প্রসারণ শীঘ্রই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছি। এই কাজ শেষ হলে বিমানবন্দরটি আন্তর্জাতিকভাবে আরও বেশি ফোকাস পাবে।’