হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৫:৫৩ পিএম

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।

আজ (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৯২৫ জন। এ সময়ে নতুন করে ৮৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯০৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১৮। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৩২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৮ হাজার ৮৪৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫ হাজার ১২২ জন।

Link copied!