মেক্সিকো ম্যাচের আগে ভায়াগ্রা বিতর্ক নিয়ে মুখ খুললেন ইংল্যান্ড কোচ

স্পোর্টস ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৮:১১ পিএম

মেক্সিকো ম্যাচের আগে ভায়াগ্রা বিতর্ক নিয়ে মুখ খুললেন ইংল্যান্ড কোচ

ছবি: সংগৃহীত

মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে উচ্চতার কারণে শারীরিক সক্ষমতা ধরে রাখতে ইংল্যান্ডের খেলোয়াড়দের ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন প্রধান কোচ টমাস টুখেল।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় বিশ্বকাপের সহ-স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে এস্তাদিও অ্যাজটেকায়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২০০ মিটার উচ্চতায় অবস্থিত।

উচ্চতার কারণে পাতলা বাতাসে খেলতে হওয়ায় ইংল্যান্ড শিবিরের খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা নিয়ে ইতোমধ্যেই আলোচনা তৈরি হয়। এর মধ্যেই কিছু গণমাধ্যমে দাবি করা হয়, উচ্চতাজনিত ক্লান্তি কমাতে দলটি ভায়াগ্রা ব্যবহার করতে পারে।

তবে এই গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন টুখেল। তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য বা পরামর্শ আমার কাছে আসেনি। বিষয়টি সত্য নয়।

ভায়াগ্রা মূলত উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ, যা পরে ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় ব্যাপকভাবে পরিচিতি পায়। এটি ফুসফুসের রক্তনালি প্রসারিত করে রক্তপ্রবাহ বাড়াতে সহায়তা করে, ফলে কিছু ক্ষেত্রে উচ্চতার কারণে শ্বাস-প্রশ্বাসজনিত চাপ কমাতে এটি ব্যবহারের আলোচনা উঠে আসে।

উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকায় শরীরে অক্সিজেন গ্রহণের হার কমে যায়, যার ফলে দ্রুত ক্লান্তি, শ্বাস-প্রশ্বাসের হার বৃদ্ধি এবং পানিশূন্যতার ঝুঁকি তৈরি হয়।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা)-এর নিষিদ্ধ তালিকায় ভায়াগ্রা নেই। ফলে নিয়ম অনুযায়ী এটি ব্যবহারে বাধা না থাকলেও ইংল্যান্ড শিবির এমন কোনো পরিকল্পনা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। শেষ ষোলোয় ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়েও হ্যারি কেনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় তারা।

গ্রুপ পর্বে ঘানার সঙ্গে ড্র এবং পানামার বিপক্ষে কষ্টার্জিত জয় ইংল্যান্ডের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। ওই ম্যাচে জুড বেলিংহ্যাম ও হ্যারি কেন গোল করেন।

এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে ব্রাজিল অথবা নরওয়ের মুখোমুখি হবে। ম্যাচটি আগামী ১১ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা।

Link copied!