ছবি: সংগৃহীত
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
আজ (মঙ্গলবার) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কণ্ঠভোটের মাধ্যমে বাজেটটি পাস ঘোষণা করেন।
এর আগে সোমবার অর্থবিল পাসের মাধ্যমে কর ও শুল্কসংক্রান্ত প্রস্তাবগুলো চূড়ান্ত করা হয়।
সংশোধিত অর্থবিলে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খুচরা ব্যবসায় নতুন করে কোনো ভ্যাট আরোপ করা হয়নি এবং কিছু নির্দিষ্ট খাতের কর অব্যাহতি ও প্রণোদনা বহাল রাখা হয়েছে।
গত ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট প্রস্তাব করেন। প্রস্তাবিত বাজেটের আকার চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি।
বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে দেশি-বিদেশি উৎস থেকে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বৈদেশিক উৎস থেকে ১ লাখ ৫৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সময়ে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে প্রায় ৪৬ হাজার কোটি টাকা পরিশোধ করা হবে, ফলে নিট বৈদেশিক ঋণ দাঁড়াবে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা।
অন্যদিকে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্রসহ অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।