ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৫, ২০২৬, ১২:২৮ পিএম

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ছবি: এপি

ভেনেজুয়েলায় গত বুধবার আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হতাহতের তথ্য নিশ্চিত করেন।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে যে, এই ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে পৌঁছাতে পারে। সংস্থাটির হিসাব অনুযায়ী, প্রাণহানি ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ৪৪ শতাংশ এবং তা ১ লাখ পার হওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ।

ছবি:  এপি

ইউএসজিএস আরও সতর্ক করেছে যে, ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির এই ঝুঁকি ও প্রভাব অত্যন্ত বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

ভয়াবহ ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আল জাজিরার খবরে বলা হয়েছে, ব্যাপক ক্ষতির কারণে মাইকেতিয়ায় অবস্থিত সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম লা পাতিয়ার তথ্য অনুযায়ী, পরিস্থিতি বিবেচনায় সব স্কুল-কলেজের পাঠদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে পাতালরেল ও সাধারণ রেল চলাচল স্থগিত রাখা হয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রদ্রিগেজ জানান, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর জেনারেল স্টাফকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে এবং উদ্ধার অভিযানের নেতৃত্ব দেবে বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল।

ছবি:  এপি

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো জানিয়েছেন, বহু মানুষ চরম দুর্ভোগে রয়েছেন এবং দ্রুত সহায়তা পৌঁছে দিতে উদ্ধার তৎপরতা জোরদার করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি নাগরিকদের শিশু ও বয়স্কদের বিষয়ে সতর্ক থাকার এবং একে অপরের খোঁজ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাজধানী কারাকাসের আলতামিরা এলাকার পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক, কারণ সেখানে একাধিক ভবন ধসে পড়েছে। উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে তিনি চালকদের সড়ক ফাঁকা রাখার আহ্বান জানান, যাতে জরুরি সেবাকর্মীরা দ্রুত কাজ করতে পারেন।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর কিছুক্ষণ পরই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়।

জোড়া ভূকম্পনের ধাক্কায় রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ভবন ধস ও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

সূত্র: সিএনএন, আল জাজিরা, এপি

Link copied!