সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ০৫:২৬ পিএম

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

ছবি: রয়টার্স

হত্যা ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। আজ (মঙ্গলবার) তাঁর অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।

একই মামলায় আসাদের চাচাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারক সাজা ঘোষণা করার সময় নাজিবকে আদালতকক্ষে একটি খাঁচার ভেতরে দেখা যায়।

২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর আসাদ ও তাঁর পরিবার মস্কোয় পালিয়ে যান। এরপর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

সরকারবিরোধী দেয়াললিখনকে কেন্দ্র করে ২০১১ সালের মার্চে একদল কিশোরকে আটক ও নির্যাতন করা হয়। এর পরই সিরিয়ার দারা শহরে আসাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। সে সময় সরকারি বাহিনী ব্যাপক সহিংসতার মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা করে। তবে পরে সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে গৃহযুদ্ধে রূপ নেয়। দীর্ঘ এই সংঘাতে সিরিয়ায় কয়েক লাখ মানুষ নিহত হন।

আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার অন্তর্বর্তী সরকার তাঁর পাশাপাশি তাঁর প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধেও বিচারপ্রক্রিয়া শুরু করে। তবে মস্কো থেকে আসাদকে প্রত্যর্পণ করতে সিরিয়ার বর্তমান সরকার সক্ষম হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন বাহিনী মাত্র ১১ দিনের অভিযানে ক্ষমতা দখল করে আসাদ সরকারের পতন ঘটায়। এরপর নতুন সরকার সাবেক সরকারের বহু কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীকে আটক করেছে। তবে পুরোনো শাসনব্যবস্থার অধিকাংশ শীর্ষ কর্মকর্তা এখনো সরকারের নাগালের বাইরে রয়েছেন।

Link copied!