কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২৬, ০৭:৫৩ পিএম

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল দেশটির চোকো বিভাগের সান হোসে দেল পালমার শহর থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।

তবে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে। সংস্থাটি বলেছে, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পের ঝাঁকুনি কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। এমনকি দেশটির সীমান্তবর্তী ভেনেজুয়েলার কিছু এলাকাতেও কম্পন পৌঁছেছে বলে জানা গেছে।

চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানিয়েছেন, বিভাগটির রাজধানী কিবদোতে ভূমিকম্পে কয়েকজন আহত হয়েছেন। সেখানে বেশ কিছু স্থাপনা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশক নিয়েও সতর্ক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

কলম্বিয়া দক্ষিণ আমেরিকার অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থল এবং বিভিন্ন সক্রিয় ফল্ট লাইনের কাছাকাছি দেশটির অবস্থান হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। বিশেষ করে আন্দিজ অঞ্চল, ইস্টার্ন কর্ডিলেরার পূর্ব পাদদেশ এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

দেশটিতে এর আগেও শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ১৯৭৯ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তুমাকো শহরের কাছে ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

Link copied!