আগস্ট ৫, ২০২৬, ০১:৩৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের কাছে ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার) সকালে জাদুঘরটির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি এই স্মৃতি জাদুঘর। যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, আজকের দিনটি দেশের জন্য যুগান্তকারী মাইলফলক। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এর আগে, সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী।
জাদুঘর পরিদর্শনের সময় তারা ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের বিভিন্ন আলামত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নানা স্মৃতি এবং সংরক্ষিত নিদর্শন ঘুরে দেখেন। প্রথম দিন জাদুঘরটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত রাখা হলেও, বৃহস্পতিবার থেকে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।