ছবি: সংগৃহীত
৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তবে বাড়তি সতর্কতা হিসেবে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
আজ (মঙ্গলবার) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ডিবি প্রধান বলেন, ৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সম্প্রতি মেট্রোরেল স্টেশন ও সাভারে বোমা উদ্ধারের ঘটনা এবং ৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বাড়ার প্রেক্ষাপটে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরিশালে চিপসের প্যাকেটে রাখা বোমার বিস্ফোরণের ঘটনাও ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের।
এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ইউনিট প্রধানদের সতর্কতামূলক বিশেষ চিঠি দেওয়া হয়েছে। কোনো স্থানে বোমা বা বিস্ফোরক সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত এবং পুলিশ সদস্যদের চলাচলে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ২৬ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে একটি বাড়িতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ রাসায়নিক, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং ৯টি তাজা বোমা উদ্ধার করা হয়।
এরপর গত ২৫ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ছাতার ভেতরে রাখা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মতিঝিলে উদ্ধার হওয়া আইইডির সঙ্গে কেরানীগঞ্জসহ আগের কয়েকটি ঘটনায় পাওয়া বিস্ফোরক উপকরণের মিল রয়েছে।
গত ১ আগস্ট ফার্মগেট ও মিরপুর মেট্রোরেল স্টেশনে দুটি পরিত্যক্ত খালি ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বিশেষ সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর।
এ ছাড়া সোমবার বরিশালে একটি চিপসের প্যাকেটে রাখা বোমার বিস্ফোরণে তিন ব্যক্তি আহত হন।
গত রোববার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কতায় সব জেলার এসপি ও ইউনিট প্রধানদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। এতে বোমা সংক্রান্ত তথ্য গুরুত্বের সঙ্গে দেখা, পুলিশ সদস্যদের সতর্কভাবে চলাফেরা এবং নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি নজর দেওয়ার কথা বলা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও চিহ্নিত অপরাধীদের তৎপরতা ঠেকাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানা গেছে। পাশাপাশি বিদেশে অবস্থান করে নাশকতার চেষ্টা ঠেকাতে সাইবার ইউনিটকে মোবাইল ট্র্যাকিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে একাধিক স্থানে বোমা উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার সতর্ক। তবে উগ্রবাদী গোষ্ঠী মাঝে মাঝেই তৎপরতা দেখায়।