অভিনেত্রী রিনা রহমান আর নেই

শোবিজ ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৫:৫২ পিএম

অভিনেত্রী রিনা রহমান আর নেই

ছবি: সংগৃহীত

দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

১৯৭২ সালে ‘এ বাড়ি ও বাড়ি’ নাটকের মাধ্যমে মঞ্চনাটকে অভিনয় জীবন শুরু করেন রিনা রহমান। এরপর দীর্ঘ অভিনয়জীবনে তিনি শতাধিক একক নাটক, অসংখ্য ধারাবাহিক নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয় করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী ধারাবাহিক ‘সংশপ্তক’ (১৯৮৭), জনপ্রিয় ধারাবাহিক ‘মান অভিমান’ এবং চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪) ও ‘ঘানি’ (২০০৬)। এসব কাজের মধ্য দিয়ে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।

মৃত্যুর আগ পর্যন্ত অভিনয়ে সক্রিয় ছিলেন রিনা রহমান। দীপ্ত টিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন তিনি। সহকর্মীদের ভাষ্য, বয়স হলেও অভিনয়ের প্রতি তার আগ্রহ ও নিষ্ঠা অটুট ছিল।

রিনা রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অগণিত ভক্ত। অনেকেই তার বিনয়ী স্বভাব এবং অভিনয়ের প্রতি নিবেদিতপ্রাণ মনোভাবের কথা স্মরণ করেছেন।

Link copied!