ছবি: সংগৃহীত
অফিসের কাজের পাশাপাশি পড়াশোনা ও ব্যক্তিগত নানা কাজেও এখন কম্পিউটার কিংবা ল্যাপটপের ওপর নির্ভরতা বেড়েছে। ফলে অসংখ্য মানুষের দিনের বড় একটি সময় কাটছে স্ক্রিনের দিকে তাকিয়ে। কাজের বাইরে অবসর সময়েও অনেকে রিলস বা অন্যান্য কনটেন্ট দেখতে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করেন। এর প্রভাব পড়ছে চোখের স্বাস্থ্যে।
অতিরিক্ত স্ক্রিন টাইম এবং পর্দার নীল আলো চোখের ওপর চাপ তৈরি করতে পারে। ছোট-বড় অনেকেরই চোখ শুষ্ক হয়ে যাওয়া, ঝাপসা দেখা, চোখে জ্বালাপোড়া, মাথাব্যথা ও চোখে চাপ অনুভব করার মতো সমস্যা দেখা দিতে পারে।
চোখ সুস্থ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্ক্রিন টাইম কমানো। তবে কাজের প্রয়োজনে স্ক্রিন ব্যবহার কমানো সম্ভব না হলে ব্যবহারের ফাঁকে কিছু নিয়ম মেনে চলা যেতে পারে। পাশাপাশি খাদ্যতালিকায় দুধ, গাজর, ডিম, মাছ ও শাকসবজি রাখা যেতে পারে।
২০-২০-২০ রুল
স্ক্রিন ব্যবহারের সময় ২০-২০-২০ নিয়ম মেনে চলা যেতে পারে। এ নিয়ম অনুযায়ী, প্রতি ২০ মিনিট পরপর অন্তত ২০ মিটার দূরে ২০ সেকেন্ডের জন্য তাকাতে হবে। ওই দূরত্বে যেন কোনো স্ক্রিন না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।
সম্ভব হলে খোলা জায়গা বা এমন কোনো দিকে তাকানো ভালো, যা চোখকে আরাম দেয়। প্রয়োজনে কিছুক্ষণ চোখ বন্ধ রেখেও বিশ্রাম নেওয়া যেতে পারে। দীর্ঘ সময় মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখে যে চাপ তৈরি হয়, তা কমাতে ২০-২০-২০ রুল সহায়ক হতে পারে।
নিয়মিত চোখের পাতা ফেলুন
একটানা কাজের সময় অনেকেই চোখের পাতা ফেলতে ভুলে যান। তাই সচেতনভাবে কয়েকবার ঘন ঘন চোখের পাতা ফেলুন। মাঝেমধ্যে চোখের পাতা ফেলার মাধ্যমে চোখকে কিছুটা বিশ্রামও দেওয়া যায়।
চোখে পানির ঝাপটা
চোখে অস্বস্তি হলে চোখ-মুখে ঠান্ডা পানির ঝাপটা দেওয়া যেতে পারে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও জরুরি। দিনে দুই থেকে আড়াই লিটার পানি পান করার পরামর্শ দেওয়া হয়। চোখের পানি চোখকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীর পর্যাপ্ত হাইড্রেটেড থাকলে ড্রাই আইজের সমস্যা এড়ানো বা কমানো সম্ভব হতে পারে।
চশমা ও লুব্রিকেন্ট
মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারের স্ক্রিন থেকে নির্গত নীল আলো বা ব্লু লাইট চোখে প্রভাব ফেলতে পারে। এ থেকে সুরক্ষার জন্য ব্লু লাইট প্রোটেক্টর চশমা ব্যবহার করা যেতে পারে।
এ ছাড়া প্রয়োজনে চোখের লুব্রিকেন্ট ব্যবহার করা যেতে পারে। লুব্রিকেন্ট ব্যবহারের মাধ্যমেও ড্রাই আইজের সমস্যা কমাতে সহায়তা পাওয়া যেতে পারে।
সূত্র: এইসময়