ছবি: সংগৃহীত
গরমে ত্বক ভালো রাখা এখন বেশ চ্যালেঞ্জিং। রোদ, ধুলাবালি আর দূষণের কারণে ত্বক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সময় ত্বক ঠান্ডা ও সতেজ রাখতে প্রাকৃতিক উপাদান যেমন মধু ব্যবহার করা বেশ উপকারী। মধুর অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বকের জ্বালাপোড়া কমায়, পাশাপাশি ঘামাচি ও ব্রণের সমস্যাও নিয়ন্ত্রণে রাখে।
নিচে মধু দিয়ে কিছু সহজ ঘরোয়া ফেসপ্যাক তুলে ধরা হলো—
মধু-কফির প্যাক
একটি পাত্রে ২ চামচ করে চিনি, কফি ও মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ভালোভাবে ম্যাসাজ করে ১৫ মিনিট রেখে দিন। এরপর মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। এটি ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে ত্বক উজ্জ্বল দেখায়।
মধু-বেকিং সোডা প্যাক
আধ চামচ মধু, আধ চামচ হলুদ ও আধ চামচ বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১০–১৫ মিনিট রেখে হালকা হাতে স্ক্রাবের মতো ঘষে মৃত কোষ তুলুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
মধু-গুড়ের প্যাক
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গুড় কার্যকর। তবে সরাসরি না লাগিয়ে ২ চামচ গুড়, মধু ও টক দই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এটি মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
মধু-অ্যালোভেরা জেল প্যাক
১ চামচ মধুর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখ, ঘাড় বা শরীরের কালচে অংশে লাগান। ১০–১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরে ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল দিয়ে হালকা ম্যাসাজ করুন।
নিয়মিত এই প্যাকগুলো ব্যবহার করলে গরমেও ত্বক থাকবে ঠান্ডা, সতেজ ও উজ্জ্বল।