বৃষ্টির দিনে তৈরি করুন মাংসের মজাদার ভুনা খিচুড়ি

লাইফস্টাইল ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০৪:৫৭ পিএম

বৃষ্টির দিনে তৈরি করুন মাংসের মজাদার ভুনা খিচুড়ি

ছবি: সংগৃহীত

বৃষ্টিভেজা দিনে বাঙালির পছন্দের খাবারের তালিকায় খিচুড়ির অবস্থান সবসময়ই শীর্ষে। দীর্ঘদিন ধরেই বৃষ্টি আর খিচুড়ির এই ঐতিহ্যবাহী সম্পর্ক বাঙালির খাদ্যসংস্কৃতির অংশ হয়ে আছে। সুস্বাদু এই পদটি তৈরি করা তেমন জটিল নয়; সঠিক রেসিপি ও উপকরণ অনুসরণ করলে ঘরেই সহজে রেস্টুরেন্টের স্বাদের ভুনা মাংসের খিচুড়ি রান্না করা সম্ভব।

উপকরণ

ভুনা মাংসের জন্য প্রয়োজন হবে মুরগি, গরু বা খাসির মাংস ১ কেজি। এছাড়া আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়ো আধা চা চামচ, হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ, লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ, দারুচিনি গুঁড়ো ১/৬ চা চামচ, এলাচ ৩টি, তেজপাতা ৪টি, কাঁচা মরিচ ২টি, পেঁয়াজ কুচি ১ কাপ, টক দই আধা কাপ, সরিষার তেল আধা কাপ এবং লবণ স্বাদমতো।

খিচুড়ির জন্য লাগবে সরিষার তেল ১/৩ কাপ, তেজপাতা ১টি, এলাচ ৩টি, দারুচিনি ২ টুকরো, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লাল মরিচ গুঁড়ো আধা চা চামচ, পোলাও চাল ৬ কাপ, মসুর ডাল ১ কাপ, গরম পানি ১২ কাপ, কাঁচা মরিচ ৬টি, গরম মসলার গুঁড়ো আধা চা চামচ, কেওড়ার জল ১ চা চামচ এবং লবণ স্বাদমতো।

প্রণালি

প্রথমে পেঁয়াজ কুচি, এলাচ, তেজপাতা ও কাঁচা মরিচ বাদে ভুনা মাংসের সব উপকরণ মিশিয়ে মাংস ২ ঘণ্টা মেরিনেট করে ফ্রিজে রাখতে হবে।

এরপর সসপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হলে এলাচ ও তেজপাতা যোগ করতে হবে। এরপর মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মাঝারি আঁচে মসলাগুলো মাংসে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে কম আঁচে ঢেকে দমে রাখতে হবে, যতক্ষণ না মাংসের ওপর তেল উঠে আসে।

খিচুড়ি তৈরির জন্য প্যানে সরিষার তেল গরম করে তেজপাতা, এলাচ ও দারুচিনি দিতে হবে। এরপর পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। একে একে সব মসলা দিয়ে ৫ মিনিট রান্না করতে হবে। এরপর ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করতে হবে।

পরে গরম পানি দিয়ে চাল-ডাল সেদ্ধ করতে হবে। মাঝারি আঁচে রান্না চলবে। পানি কিছুটা শুকিয়ে এলে আগে থেকে রান্না করা মাংস, গরম মসলার গুঁড়ো ও কাঁচা মরিচ মিশিয়ে দিতে হবে। এরপর ঢেকে কম আঁচে দমে রাখতে হবে যতক্ষণ না চাল ও ডাল পুরোপুরি সেদ্ধ হয়। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। শেষে চুলা থেকে নামিয়ে কেওড়ার জল ছিটিয়ে দিলেই প্রস্তুত হয়ে যাবে ভুনা মাংসের খিচুড়ি।

Link copied!